
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আর্থিক সহায়তার চেক তুলে দেন। তিনি বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দেওয়া সেনাসদস্যদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকের সময়ে সরকার ও সেনাবাহিনী পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, শহীদ সেনাসদস্যদের পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি তাদের দেখভালের দায়িত্বও সরকার পালন করবে। পরে দুই পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনাসদস্যদের স্থায়ী ঠিকানায় পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে দুই সেনাসদস্য শহীদ হন। তারা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত। আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে সাক্ষাতে উপস্থিত ছিলেন তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার। মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।