September 15, 2026, 4:38 pm

গুলশানে আ.লীগের মিছিল, পুলিশের ব্যর্থতা দেখছেন না

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য থাকলেও পুলিশ ওই সময় সেখানে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করতে পারেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এ ঘটনাকে গোয়েন্দা সংস্থা বা পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নানা ধরনের অপতৎপরতার চেষ্টা করছে। ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণের মতো ঘটনাও ঘটছে। গুলশানের ঘটনা প্রসঙ্গে তিনি জানান, শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে কিছু লোক সেখানে জড়ো হয়েছিল এবং পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশানে মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে ওই সময় এবং ওই এলাকায় এ ধরনের ঘটনা ঘটতে পারে, পুলিশ হয়তো তা অনুমান করতে পারেনি। পরে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনা ঘটে। এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ককটেল নিক্ষেপের সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। দুপুর ১টা ১৫ থেকে ১টা ২০ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে বলে জানান তিনি। প্রাথমিকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট দুষ্কৃতকারী হতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর এ ঘটনাকে প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে এবং এটি বড় কোনো ঘটনা নয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি।



ফেসবুক কর্নার