September 15, 2026, 6:09 pm

নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জাফর আহমেদ কুড়িগ্রাম প্রতিনিধ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহজালাল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব ধনিরাম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের মুসা মিয়ার মেয়ে এবং ইদ্রিস আলীর স্ত্রী। তিনি এক সন্তানের জননী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর দুপুরে খাওয়ার পর ওই নারী বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই এলাকার আহসান আলীর ছেলে শাহজালাল মিয়া তাকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় ওই নারী চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। তখন শাহজালাল ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী নারী ফুলবাড়ী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে শাহজালাল মিয়াকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, মামলায় উত্থাপিত অভিযোগের ভিত্তিতেই আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।



ফেসবুক কর্নার