September 15, 2026, 6:10 pm

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ফয়সাল আহমেদ, স্টাফ রিপোর্টার, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারায় জামায়াত সমর্থিত সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কুষ্টিয়া-২, ৩ ও ৪ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিনসহ নারী সংসদ সদস্যদের নিয়ে কথিত কটূক্তি ও অশালীন মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার রাতে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নারী জনপ্রতিনিধিদের নিয়ে এমন মন্তব্যের প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নেমেছেন।
মঙ্গলবার রাতে এমপি ফরিদা ইয়াসমিনের নির্দেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হন। এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা কথিত অশালীন মন্তব্যের প্রতিবাদ জানান এবং আমির হামজার বক্তব্যের সমালোচনা করেন।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াত নেতা মুফতি আমির হামজা নারী সমাজ ও নারী জনপ্রতিনিধিদের নিয়ে যে মন্তব্য করেছেন বলে তারা অভিযোগ করছেন, তা নারীদের জন্য অবমাননাকর। বক্তারা এ ধরনের বক্তব্যের জন্য আমির হামজাকে অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষমা না চাইলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন। কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার