
কুষ্টিয়ায় নাশকতা মামলায় জামিনে আসার পর আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের দাবি, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ে থাকা বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন বলে তারা জানান।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপির সমর্থকদের ভাষ্য, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এ সময় রুহুলের নেতৃত্বে লোকজন সেখানে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। এর পর বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা পাল্টা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন এবং তার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, কয়েক দিন আগে মিছিল করার অভিযোগে ইবি থানায় আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়। ওই মামলায় রুহুলসহ কয়েকজন আসামি ছিলেন এবং আদালত থেকে জামিন পাওয়ার পর এ ঘটনা ঘটে বলে বিএনপির নেতাকর্মীরা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রুহুলের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ ও বাড়িঘরে ভাঙচুরের খবর পাওয়া যায়। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ উপস্থিত রয়েছে। তিনিও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।