September 17, 2026, 10:28 am

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি

মোঃ ইসমাইল হোসেন

ঢাকার গণপরিবহনব্যবস্থা সম্প্রসারণ ও যানজট কমাতে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় জাপানের অর্থায়নে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের সংশোধিত ব্যয় এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তিন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৭ কোটি টাকা। এর মধ্যে প্রথম দুটি প্রকল্পের সংশোধনের ফলে ব্যয় বেড়েছে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।
অনুমোদিত এমআরটি লাইন-১-এর দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার এবং সংশোধিত ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। প্রকল্পটির মূল ব্যয় ছিল ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা। প্রথম সংশোধনীতে ব্যয় ৬১ হাজার ৮৩৩ কোটি ৪৫ লাখ টাকা বাড়ানো হয়েছে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এ প্রকল্পের কাজ ২০৩৩ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। অন্যদিকে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দানের সংশোধিত ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। এ প্রকল্পের মূল ব্যয় ছিল ৪১ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা; সংশোধনীতে ব্যয় বেড়েছে ৪৮ হাজার ৬০৯ কোটি ৮০ লাখ টাকা।
এদিকে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ এবং বাকি অংশ উড়ালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পে সরকারি তহবিল থেকে ১৫ হাজার ১৯৭ কোটি টাকা এবং এডিবি ও দক্ষিণ কোরিয়ার যৌথ ঋণ সহায়তা থেকে ৩০ হাজার ৩০৬ কোটি টাকা জোগানের কথা রয়েছে। গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদ গেট, কারওয়ান বাজার ও তেজগাঁওসহ গুরুত্বপূর্ণ এলাকা হয়ে এ রুটটি দাশেরকান্দি পর্যন্ত যাবে।



ফেসবুক কর্নার