September 17, 2026, 10:30 am

নৌকা স্থগিত, সংসদ নির্বাচনে ১২০ প্রতীক চূড়ান্ত

মোঃ ইসমাইল হোসেন

নৌকা প্রতীক স্থগিত রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১২০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে নির্বাচন পরিচালনা বিধিমালার বিধি ৯-এর উপবিধি ১ সংশোধন এবং করণীয় ভুল সংশোধনের বিষয়টি জানানো হয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যেও বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনকে ‘স্থগিত’ হিসেবে দেখানো হয়েছে।
নতুন ব্যবস্থায় মোট ১২০টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের জন্য ৬০টি প্রতীক সংরক্ষিত থাকবে। অবশিষ্ট প্রতীকগুলো আইন ও বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করা যাবে। আগে প্রতীকের তালিকায় স্থগিত নৌকা প্রতীক এবং ‘না’ প্রতীক বাদ দিয়ে অন্য প্রতীক প্রাপ্যতা সাপেক্ষে বরাদ্দের কথা উল্লেখ ছিল। সংশোধিত বিধানে ‘না’ প্রতীক সংক্রান্ত ওই অংশটি বাদ দেওয়া হয়েছে।
ইসি জানিয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনের মাধ্যমে প্রতীক সংক্রান্ত বিধানের করণীয় ভুল সংশোধন করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখিত বিধান অনুযায়ী প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত ব্যবস্থা অনুসরণ করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকসংক্রান্ত বিধিমালা ও সংশোধিত তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।



ফেসবুক কর্নার