
খেলাধুলাভিত্তিক বেটিং অ্যাপ ‘নভিগ’-এর একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন হলিউড অভিনেত্রী ও ‘ইউফোরিয়া’ তারকা সিডনি সুইনি। গত বুধবার ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক বিতর্ক। এর জেরে মাত্র দুই দিনে ইনস্টাগ্রামে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সোশ্যাল ব্লেড’। তাদের হিসাবে, গত রোববার সিডনির অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৪৮ জন এবং পরদিন আরও প্রায় ৬৮ হাজার অনুসারী তাকে আনফলো করেন।
প্রায় এক মিনিটের বিজ্ঞাপনটিতে সিডনি সুইনিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে খেলাধুলার বিভিন্ন উপকরণ ব্যবহার করে শরীরের ব্যক্তিগত অংশ আড়াল করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রকাশের পর প্রথম তিন দিনে তার অনুসারী প্রায় ৫০ হাজার বাড়লেও পরবর্তী দুই দিনে বড় ধরনের পতন দেখা যায়। তবে ইনস্টাগ্রামে তার মোট অনুসারীর সংখ্যা আড়াই কোটির বেশি হওয়ায় হারানো অনুসারীর সংখ্যা মোট অনুসারীর ১ শতাংশেরও কম। ‘নভিগ’-এর সঙ্গে সিডনির শুধু বিজ্ঞাপনী চুক্তিই নয়, প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদারত্ব ও মালিকানার অংশীদারত্বও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপনটি নিয়ে নারী ক্রীড়াবিদদের একাংশ আপত্তি জানিয়েছেন। তাদের অভিযোগ, খেলাধুলার প্রচারে নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। অস্ট্রেলিয়ার চারবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু আরিয়ার্ন টিটমাস সামাজিক মাধ্যমে এ ধরনের প্রচারণার সমালোচনা করেন। পরে সিডনি সুইনি এক বিবৃতিতে বলেন, প্রচারণাটি মজার ছলে তৈরি করা হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল সব কোলাহল সরিয়ে মানুষের মনোযোগ খেলাধুলার দিকে ফেরানো। সমালোচনার জবাবে তিনি নভিগের বিজ্ঞাপনের ছবি পুনরায় পোস্ট করার পাশাপাশি ইএসপিএনের ‘বডি ইস্যু’র কয়েকটি প্রচ্ছদও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। এর আগে আমেরিকান ইগল ও নিজের অন্তর্বাসের ব্র্যান্ড ‘সির্নে’র বিজ্ঞাপন নিয়েও আলোচনায় এসেছিলেন তিনি।