September 17, 2026, 9:42 am

মিমির ‘উনকা’ ঘিরে বিয়ের গুঞ্জন তুঙ্গে

অভয়নগর প্রতিবেদক

বছরের শেষ দিকে অভিনেত্রী মিমি চক্রবর্তী বিয়ের পিঁড়িতে বসতে পারেন—টালিপাড়ায় এমন গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। যদিও বিয়ে বা জীবনসঙ্গী নিয়ে এখনো প্রকাশ্যে কোনো ঘোষণা দেননি অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেকআপহীন কয়েকটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। নীল রঙের ঐতিহ্যবাহী পোশাকে তোলা ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে মিমি লিখেছেন, ‘সেলফি কুমারি। বিনা মেকআপওয়ালা মেরা ফেভারিট, অউর মেকআপওয়ালা উনকা।’

মিমির ক্যাপশনের ‘উনকা’ শব্দটি নজর কেড়েছে অনুরাগীদের। বিষয়টি নিয়ে অভিনেতা ও মিমির বন্ধু অঙ্কুশ হাজরা মন্তব্য করেন, ‘এই উনকাটা কে?’ জবাবে মিমি লেখেন, ‘ওয়েল, ইওর ওন বিজনেস।’ এই কথোপকথনের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। নেটিজেনদের একাংশের ধারণা, ‘উনকা’ শব্দটি দিয়ে মিমি হয়তো বিশেষ কোনো ব্যক্তিকে ইঙ্গিত করেছেন। সেখান থেকেই অভিনেত্রীর ব্যক্তিজীবন ও সম্ভাব্য বিয়ে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

এদিকে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে টালিপাড়ার সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, মিমির সম্ভাব্য জীবনসঙ্গী বিনোদন জগতের কেউ নন। তার নাম সিদ্ধার্থ দত্ত এবং তিনি নৌবাহিনীতে কর্মরত বলে খবর প্রকাশ হয়েছে। এমনকি পাহাড়ি শহর কালিম্পঙে বিয়ের আয়োজন হতে পারে এবং আগামী নভেম্বরে আইনি বিয়ে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব তথ্যের কোনোটিই এখন পর্যন্ত মিমি চক্রবর্তী বা তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে ‘উনকা’ বলতে কাকে বোঝানো হয়েছে এবং বিয়ের খবর কতটা সত্য, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলই আপাতত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার