September 17, 2026, 10:34 am

সকালের বৃষ্টিতে ভিজল রাজধানী, কমল তাপমাত্রা

অভয়নগর প্রতিবেদক

সাতসকালে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে নগরজীবনে স্বস্তি ফিরলেও কর্মজীবী মানুষের ভোগান্তি বেড়েছে। অনেককে বৃষ্টিতে ভিজেই কর্মস্থলের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে। সড়কে যানবাহনের পাশাপাশি পথচারীদের চলাচলেও এর প্রভাব পড়ে। নগরবাসীর একাংশের কাছে বৃষ্টি স্বস্তিদায়ক হলেও অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া মানুষকে ছাতা বা বৃষ্টির সরঞ্জাম নিয়ে চলাচল করতে হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে রাজধানীসহ আশপাশের এলাকায় বৃষ্টির পর আবহাওয়ায় কিছুটা শীতলতা অনুভূত হতে পারে।

এদিকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



ফেসবুক কর্নার