September 17, 2026, 10:33 am

রোনালদোকে বাদ দেওয়ার দাবি সাবেক সৌদি তারকার

অভয়নগর প্রতিবেদক

ক্লাব ও জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন সাবেক সৌদি ফুটবলার ফাহদ আল-হারিফি। সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে রোনালদো এখন আর প্রত্যাশিত অবদান রাখতে পারছেন না দাবি করে তাকে দল থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের কাছে আল-নাসর ৪-০ গোলে পরাজিত হওয়ার পর ‘দোরিনা ঘাইর’ নামের একটি অনুষ্ঠানে আল-হারিফি এসব মন্তব্য করেন। তার মতে, আল-নাসরের জন্য রোনালদোর উপস্থিতি এখন আর গুরুত্বপূর্ণ নয় এবং তাকে বিদায় দেওয়ার সময় এসেছে।

রোনালদোকে অধিনায়ক রেখে দল সাজানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেন আল-হারিফি। তিনি দাবি করেন, রোনালদো আল-নাসরকে বড় কোনো শিরোপা এনে দিতে পারেননি এবং ক্লাবের বিপণন কার্যক্রমেও তার উপস্থিতি প্রত্যাশিত সুফল দিচ্ছে না। আল-হারিফির ভাষ্য অনুযায়ী, বয়স ও পারফরম্যান্স বিবেচনায় দলের জন্য প্রয়োজনীয় অবদান না রাখা একজন খেলোয়াড়কে বিপুল অর্থ দিয়ে ধরে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তার দাবি, রোনালদো এখন আল-নাসরের দলীয় সাফল্যের চেয়ে ব্যক্তিগত লক্ষ্য, বিশেষ করে পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলক অর্জনকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

এ প্রসঙ্গে ফরাসি তারকা করিম বেনজেমার ক্ষেত্রে আল-হিলালের নেওয়া সিদ্ধান্তের উদাহরণ দেন আল-হারিফি। তার মতে, কোনো খেলোয়াড় প্রত্যাশিত উপযোগিতা দিতে না পারলে ক্লাবের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, আল-নাসর রোনালদোর চেয়েও বড় একটি ক্লাব এবং বেনজেমার ক্ষেত্রে আল-হিলাল যে পদক্ষেপ নিয়েছিল, রোনালদোর ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত বিবেচনা করা উচিত। চলতি মৌসুমে আল-আইনের কাছে ৪-০ গোলে হারের পর আল-নাসরের পারফরম্যান্স, রোনালদোর ভবিষ্যৎ এবং দলের অধিনায়ক হিসেবে আগামী মাসগুলোতে তার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



ফেসবুক কর্নার