September 18, 2026, 9:13 am

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

অভয়নগর প্রতিবেদক

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। প্রথম ভারতরত্নপ্রাপ্ত এই শিল্পীর চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বড় বাজেটের জীবনীভিত্তিক সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় নির্মাণ ও মুক্তির পরিকল্পনা রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) চেন্নাইয়ের ঐতিহ্যবাহী মিউজিক একাডেমিতে এম এস সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনেমাটির মহরৎ ও পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম দৃশ্যের সূচনা করেন কিংবদন্তি অভিনেতা কমল হাসন।
অনুষ্ঠানে এম এস সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্য, খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং ভারতীয় চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালকরা উপস্থিত ছিলেন। নির্মাতা গৌতম তিন্নানুরি প্রায় এক বছর গবেষণা করে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন। প্রযোজক আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন। সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন অনিরুদ্ধ রবিচন্দর। পরিচালক গৌতম তিন্নানুরি বলেন, দ্রুত তারকা হয়ে ওঠার সময়েও এম এস সুব্বুলক্ষ্মী দীর্ঘদিনের সাধনা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছিলেন। তাঁর সংগীতের পাশাপাশি জীবনের বিভিন্ন দিকও দর্শকদের সামনে তুলে ধরতে চান তারা।
এদিকে এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আবেগাপ্লুত রাশমিকা মান্দানা। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আমার মনে হচ্ছে আমি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি।” কিংবদন্তি শিল্পীর জীবনের একটি অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন বলেও জানান তিনি। চরিত্রটির প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রাশমিকা। কমল হাসনও তরুণ প্রজন্মের প্রশংসা করে বলেন, এম এস সুব্বুলক্ষ্মীর সংগীত পুরো ভারতকে এক সুতোয় বেঁধেছিল। রাশমিকার এই চরিত্রে অভিনয়ের প্রসঙ্গেও তিনি নিজের মুগ্ধতার কথা জানান। সিনেমাটির নাম ও প্রথম ঝলক শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।



ফেসবুক কর্নার