
কুষ্টিয়ার দৌলতপুরে জমিতে পাটকাঠি শুকানোকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের ওপর দুই দফা হামলার অভিযোগ উঠেছে। এতে তানজিয়ারা খাতুন (৫৫)সহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তানজিয়ারা খাতুন ওই গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী। স্থানীয় সূত্র ও আহতের স্বজনদের অভিযোগ, তানজিয়ারা খাতুন নিজের জমিতে পাটকাঠি শুকাতে গেলে তাঁর দেবর গাফফারের ছেলে হৃদয় (২৭), তরিকুলের ছেলে মাসুম (১৯) ও মেহেরের ছেলে মাহাবুল (৪০)সহ ৮ থেকে ১০ জন সেখানে যান। এ সময় পাটকাঠি শুকানো নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তানজিয়ারার ওপর হামলা করা হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
পরিবারের দাবি, হামলাকারীরা বাঁশ দিয়ে আঘাত করলে তানজিয়ারা খাতুনের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বজনদের অভিযোগ, সেখানে চিকিৎসা নেওয়ার সময়ও অভিযুক্তরা উপস্থিত হয়ে পুনরায় হামলা চালান। দ্বিতীয় দফার হামলায় আব্দুল হান্নানের ছেলে সজীব গুরুতর আহত হন। তানজিয়ারার ছেলে ইনজালও হামলার শিকার হয়ে আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। দ্বিতীয় দফার হামলার সময় অভিযুক্তদের হাতে রড, হাতুড়ি ও কাঠের বাটাম ছিল বলেও অভিযোগ করেছেন আহতদের স্বজনরা। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে জানা গেছে।
তানজিয়ারার ছেলে ইনজাল জানান, হামলায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।