September 19, 2026, 9:23 am

তিতাসের নতুন কূপে গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

মোঃ ইসমাইল হোসেন

দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে আরও সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে এ গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিতাস-২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নতুন কূপের গ্যাস সরবরাহ শুরু হওয়ায় জাতীয় গ্রিডে দেশীয় গ্যাসের পরিমাণ আরও বাড়ল।
সংশ্লিষ্টরা জানান, গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়। একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে কূপটির খনন সম্পন্ন করা হয়েছে। প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খননের পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর গত ১৯ জুন থেকে কূপটি থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক সরবরাহের সময় প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এখন থেকে তিতাস-২৮ নম্বর কূপ থেকে প্রতিদিন নিয়মিত ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নতুন কূপটি উৎপাদনে যুক্ত হওয়ায় দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বৃদ্ধির চলমান উদ্যোগ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার