October 5, 2026, 4:48 pm

নড়াইলে ডিবির ধাওয়ায় অস্ত্রসহ মোটরসাইকেল জব্দ

রাকিবুল ইসলাম, নড়াইল জেলা প্রতিনিধি
Oplus_131072

নড়াইল সদর এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের নিয়মিত চেকপোস্ট চলাকালে সন্দেহজনক গতিবিধির একটি মোটরসাইকেল ধাওয়া করে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে নড়াইল-মাগুরা সড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চেকপোস্টে কয়েকটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিবি সদস্যরা সেগুলো থামানোর চেষ্টা করেন। এ সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা সেটিকে ধাওয়া করেন।
পুলিশের ধাওয়ার একপর্যায়ে মোটরসাইকেল আরোহীরা সেটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছু দেশীয় অস্ত্র জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। জব্দ করা মোটরসাইকেল ও অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মোটরসাইকেলটি কার এবং সেটিতে থাকা ব্যক্তিরা কারা ছিলেন, তা শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়।
জানা গেছে, নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আলাউদ্দিন মিলনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, নড়াইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোস্ট ও অভিযান অব্যাহত রয়েছে। সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই করা হচ্ছে। জব্দ করা অস্ত্র ও মোটরসাইকেল সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি পালিয়ে যাওয়া আরোহীদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার