September 20, 2026, 10:41 pm

শার্শায় গোয়ালঘর থেকে তিন ককটেল সদৃশ বস্তু উদ্ধার

রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের একটি গোয়ালঘর থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মো. ইউনুস আলীর (৬০) বসতবাড়ির দক্ষিণ পাশে অবস্থিত অর্ধপাকা গোয়ালঘরের ভেতর থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে গোয়ালঘরের ভেতরে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা অবস্থায় বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে বিষয়টি নজরে আসে। খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে গোয়ালঘরের ভেতর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজন গোয়ালঘরে গরু রাখেন। পরদিন ভোর ৬টার দিকে গরু বের করার সময় তারা বস্তুগুলো দেখতে পান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষার পর এগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা নিশ্চিত হওয়া যাবে। তিনি জানান, পরীক্ষার ফলাফল ও তদন্তের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং বস্তুগুলো কীভাবে সেখানে এলো, সে বিষয়েও অনুসন্ধান করা হচ্ছে।



ফেসবুক কর্নার