September 20, 2026, 10:08 pm

নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ নুসরাত ফারিয়া

অভয়নগর প্রতিবেদক

ঢালিউডের অভিনেত্রী নুসরাত ফারিয়া নতুন পরিচয়ে যুক্ত হয়েছেন দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের সঙ্গে। রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে আয়োজিত নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে ব্র্যান্ডটির বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিতে তিনি চুক্তিবদ্ধ হন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করা নুসরাত ফারিয়ার উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ তৈরি করে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার চারটি শ্রেণিতে মোট ৫৬টি নতুন পণ্য উন্মোচন করে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের উপকরণ ব্যবহার করে নতুন পণ্যগুলো তৈরি করা হয়েছে। নতুন পণ্যসম্ভারের মধ্যে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লাইড। এসব পণ্যে আরাম, স্থায়িত্ব ও আধুনিকতার সমন্বয় রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন স্লাইডগুলো নারী ও পুরুষ উভয়ের ব্যবহারের উপযোগী হওয়ায় ক্রেতাদের জন্য পণ্যের পরিসর আরও বৈচিত্র্যময় হয়েছে। অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, ব্র্যান্ড প্রচারের মুখ ও অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত। পণ্যের মান, নকশা ও ক্রেতাদের আস্থাকে তিনি গুরুত্ব দেন বলেও জানান। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির নতুন পণ্যের বৈশিষ্ট্য, গুণগত মান, নকশা ও ব্যবহারিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ক্রেতাদের চাহিদা, রুচি ও পরিবর্তনশীল ফ্যাশন প্রবণতাকে গুরুত্ব দিয়েই স্টেপ ফুটওয়্যার পণ্য তৈরি করে আসছে। দেশীয় ব্র্যান্ড হিসেবে গ্রাহকদের আস্থা আরও শক্তিশালী করে আন্তর্জাতিক পরিসরে পরিচিতি তৈরির লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার