
ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা ‘মাতৃভূমি’। বুধবার (১৮ নভেম্বর) সিনেমাটিকে ‘ইউ/এ ১৬+’ ক্যাটাগরিতে প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। ফলে আগামী ৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নেই। সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ড।
শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ভারত ও চীন সীমান্তের ২০২০ সালের সংঘাতের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এর গল্প। তবে বিষয়বস্তু নিয়ে কূটনৈতিক জটিলতা তৈরি হওয়ায় নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। দীর্ঘদিন মুক্তির অনুমতি না পাওয়ার পর অবশেষে ছাড়পত্র পেল সিনেমাটি।
সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। এতে সালমান খানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, হীরা সোহাল, দয়াশঙ্কর পাণ্ডে, জেসন থাম, অভিলাষ চৌধুরী, বিপিন ভরদ্বাজ, সমর গিল, তেনজিন বোদ, তানিয়া দেশাই, জেইন শ ও অভিশ্রী সেনসহ অনেকে।