
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করেন না তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের নিরাপত্তা নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন অভিনেত্রী। তার ভাষ্য, দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। অনেক সময় সাধারণ মানুষ এমন নানা ঝামেলায় পড়েন, যার জন্য তারা দায়ী নন। এসব পরিস্থিতির অনেককেই তিনি অন্যায্য বলে মনে করেন এবং কোথাও কোথাও মানুষ ন্যায়বিচার থেকেও বঞ্চিত হন বলে মন্তব্য করেন।
তানজিন তিশা বলেন, বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। যেকোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। নিজের সোনার গয়না প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিশার মতে, সোনার গয়না ব্যাগে রেখে ঘোরার চেয়ে সেটি পরেই বাইরে বের হওয়া যায়। তবে নারীরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারেন, সে জন্য নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করেন এই অভিনেত্রী।
র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তানজিন তিশা। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মডেল হিসেবে পরিচিতি পান তিনি। ২০১২ সালে রিজভী ওয়াহিদ ও শুভমিতার গাওয়া ‘চোখেরই পলকে’ গানের সংগীতচিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। পরে ইমরান মাহমুদুলের ‘বলতে বলতে চলতে চলতে’ গানেও তাকে দেখা যায়। ছোটপর্দার নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। ২০২০ সালের ৪ জানুয়ারি প্রকাশিত ‘ভালোবাসা তুই’ ওয়েব নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেন তিশা। নিজের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।