September 21, 2026, 11:34 pm

বড় পারিশ্রমিকের শর্তে ‘বিগ বস’-এ রাজি নোরা

অভয়নগর প্রতিবেদক

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ক্যারিয়ারের শুরুতে রিয়্যালিটি শোতে অংশ নিতে আগ্রহী ছিলেন না। ‘বিগ বস’-এর প্রথম প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে ‘বিগ বস ৯’-এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে অংশ নেন নোরা। সম্প্রতি এক পডকাস্টে সেই সময়ের অভিজ্ঞতা ও সিদ্ধান্ত পরিবর্তনের কারণ নিয়ে কথা বলেন তিনি। নোরার ভাষ্য, তখন শুধু রিয়্যালিটি শোতে অংশ নেওয়ার বিষয়টি তার চিন্তায় ছিল না; বরং ক্যারিয়ারের শুরুতে পারিশ্রমিকসংক্রান্ত নানা সমস্যার মধ্য দিয়েও যেতে হয়েছিল তাকে।
নোরা জানান, শোবিজ ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি গানের কাজে যুক্ত হলেও সেসব কাজের পারিশ্রমিক সময়মতো পাননি তিনি। এ নিয়ে সংশ্লিষ্ট প্রযোজকদের সঙ্গে তার টানাপোড়েন চলছিল। এমন পরিস্থিতির মধ্যেই ‘বিগ বস’-এ অংশ নেওয়ার প্রস্তাব আসে। প্রথমদিকে রিয়্যালিটি শো পছন্দ না হওয়ায় প্রস্তাবটি গ্রহণ করতে চাননি তিনি। তবে অনুষ্ঠানের কর্তৃপক্ষ যে পারিশ্রমিকের প্রস্তাব দেয়, সেই অঙ্ক শুনে নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন নোরা। তার কাছে প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া বড় ভুল হতে পারে বলেই মনে হয়েছিল।
একই সঙ্গে ভারতীয় দর্শকদের কাছে নিজের পরিচিতি গড়ে তোলার জন্য ‘বিগ বস’কে বড় সুযোগ হিসেবে দেখেছিলেন নোরা। ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করায় দীর্ঘদিন শোয়ে টিকে থাকার নিশ্চয়তা ছিল না—এমন ধারণাও তার ছিল। তাই অল্প সময়ের সুযোগকেই কাজে লাগিয়ে দর্শকদের কাছে নিজের পরিচিতি তৈরি করার পরিকল্পনা করেন তিনি। পরবর্তী সময়ে ‘বিগ বস’-এ অংশগ্রহণ তার ক্যারিয়ারে নতুন সুযোগ তৈরি করে এবং বলিউডে নিজের অবস্থান গড়ে তুলতে সহায়তা করে।



ফেসবুক কর্নার