October 5, 2026, 5:35 pm

খুলনায় হোটেলকক্ষে যুবকের মরদেহ, নারী আটক

অভয়নগর প্রতিবেদক

খুলনা নগরীর খান জাহান আলী রোডস্থ হোটেল কপোতাক্ষের একটি কক্ষ থেকে সোহেল রানা বাবু (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে খুলনা থানাধীন হোটেলটির দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর পরিচয়ে ওই হোটেলে অবস্থান করা সোহেল রানা বাবু ও ফাতেমা (২৫) নামে এক নারীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে শ্বাসরোধের ঘটনা ঘটে। পরে সোহেল রানা বাবুর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত সোহেল রানা বাবু লোকমানের ছেলে ও মৃত ফিরোজা বেগমের সন্তান। তার ঠিকানা খুলনার লবণচরা থানাধীন হরিণটানা অটোস্ট্যান্ড এলাকায়। জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে সোহেল রানা বাবু ও ফাতেমা স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেল কপোতাক্ষে অবস্থান নেন। সেখানে অবস্থানের সময় তাদের মধ্যে ঝগড়া ও মনোমালিন্য হয়। একপর্যায়ে ফাতেমা সোহেল রানা বাবুকে শ্বাসরোধ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঙ্গে কারও সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নারীটির ভূমিকা ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পাশাপাশি ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পরই সোহেল রানা বাবুর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।



ফেসবুক কর্নার