September 22, 2026, 10:41 pm

শৈলকুপা ভাটই বাজারে কৌতুক অভিনেতা রফি মাদক ও নারীসহ আটক

ঝিনাইদহ প্রতিনিধি

 

​ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও নারীসহ স্থানীয় জনপ্রিয় কৌতুক অভিনেতা রফিসহ চারজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভাটই বাজার পুলিশ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে। আটককৃতদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং ২৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

 

​পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাটই বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় অসামাজিক ও মাদক সংক্রান্ত কর্মকাণ্ড চলছেএমন খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীত পাশে অবস্থিত ওই ভাড়া বাসায় হানা দেয় ভাটই বাজার পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল। অভিযানকালে হাতেনাতে দুই নারী ও দুই পুরুষকে আটক করা হয়।

 

​পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে অন্যতম হলেন নাটক ও কৌতুক অভিনেতা রফি। তার গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নে। এলাকায় তিনি কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত হলেও গোপনে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

 

​অভিযান শেষে আটককৃত চারজন এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য (১০০ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবা) শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ ও প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

 

​এদিকে একজন পরিচিত কৌতুক অভিনেতা মাদক ও নারীসহ পুলিশের খাঁচায় বন্দী হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্য ও সাধারণ মানুষের মধ্যে নানা কৌতুহলের সৃষ্টি হয়।



ফেসবুক কর্নার