
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর তিনি এ আহ্বান জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কালাস বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইইউর পদক্ষেপের অন্যতম প্রধান ভিত্তি নিষেধাজ্ঞা। তার ভাষ্য, এসব নিষেধাজ্ঞার মাধ্যমে মস্কোর অর্থের জোগান সীমিত করার চেষ্টা করা হচ্ছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা দ্রুত শেষ করে তা কার্যকর করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
কালাস বলেন, রাশিয়ার বিষয়ে ইইউর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়েও কাজ চলছে। তবে নিষেধাজ্ঞা নবায়ন নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। কয়েকটি দেশ ইইউর কালো তালিকা থেকে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছে।