
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাতগাঁও হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম জানান, লসনা এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।