October 5, 2026, 6:23 pm

জ্বালানি তেলের দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় জেলার উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতিসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম আর বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুকূলে এলে বর্তমান দামের চেয়ে কমানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দামের ব্যবধানের কারণে পাচারের ঝুঁকি তৈরি হওয়ায় মূল্য সমন্বয় করা হয়েছে।
বোরো মৌসুমে কৃষকদের জন্য গ্রামীণ ও প্রান্তিক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি সেচ খরচ কমাতে সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনার কথা বলেন তিনি। পরে জেলা পরিষদ প্রাঙ্গণে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ এবং জোহান ড্রিমভ্যালি পার্কে বিএনপির একটি সভায় অংশ নেন।



ফেসবুক কর্নার