
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্বজনদের পাঠানো একটি মাছ ধরার ট্রলারে করে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের পাচকপাট স্লুইস গেট এলাকায় নেওয়া হচ্ছিল।
বিকল ট্রলারটির মালিক হানিফ মাঝির ভাই ফিরোজ রাঢ়ী জানান, তাঁর ভাইসহ ট্রলারের ১৮ জন মাঝিমাল্লাকে সোনারচর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত শনিবার সাগরে মাছ ধরার পর রোববার ট্রলারের পাখা ভেঙে যায়। এরপর সোনারচর ও রূপারচরের মাঝামাঝি এলাকায় ট্রলারটি নোঙর করে রাখা হয়। মঙ্গলবার নেটওয়ার্ক পাওয়ার পর বিষয়টি আড়তদার ফরহাদ হোসেন পাটোয়ারীকে জানানো হয়।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে উদ্ধারের সহায়তা চাওয়া হয়। তবে সাগরে তিন নম্বর সতর্কসংকেত থাকায় উত্তাল পরিস্থিতিতে উদ্ধার অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে বুধবার পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে আড়তদারের পাঠানো ট্রলারে ১৮ জেলেকে উদ্ধার করা হয়।