September 25, 2026, 12:40 am

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

অভয়নগর প্রতিবেদক

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগের কথা রয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিএসসি বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে, তারা আবেদন করতে পারবেন। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫০ টাকা। এর সঙ্গে টেলিটকের ভ্যাট ও ডেটা ভেরিফিকেশন বাবদ অতিরিক্ত ৫ টাকা দিতে হবে।
এবারের পরীক্ষায় মোট ৩০০ নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এর মধ্যে ২০০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পিএসসি জানিয়েছে, আগামী নভেম্বরের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। আবেদন ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার