দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা চালুর উদ্যোগে বিকাশ, রবি ও বাংলালিংক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ চারটি প্রতিষ্ঠানকে প্রাথমিক সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক সম্মতির পর প্রতিষ্ঠানগুলোকে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হবে। তবে প্রয়োজনীয় আইনি ও প্রযুক্তিগত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারবে না প্রতিষ্ঠানগুলো।
প্রাথমিক অনুমোদন পাওয়া চার প্রতিষ্ঠান হলো—ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, বিকাশ ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক ও বুস্ট ডিজিটাল ব্যাংক। এর মধ্যে ডিজিটাল ব্যাংকিং অব ভুটানের উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক। বিকাশ ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হিসেবে রয়েছে বিকাশের মূল শেয়ারধারীরা। নোভা ডিজিটাল ব্যাংক বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপের যৌথ উদ্যোগে এবং বুস্ট ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা রবি আজিয়াটার মূল প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেড।
নতুন শর্ত অনুযায়ী ডিজিটাল ব্যাংকগুলোকে ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করতে হবে। পাশাপাশি চূড়ান্ত লাইসেন্সের আগে ছয় মাস পরীক্ষামূলকভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এ সময়ে নির্ধারিত শর্ত পূরণ ও কার্যক্রম সন্তোষজনক হলে চূড়ান্ত লাইসেন্স দেওয়ার কথা রয়েছে। এর আগে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য ১৩টি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে সেখান থেকেই চার প্রতিষ্ঠানকে প্রাথমিক সম্মতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।