
অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে সঙ্গে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে এটি নিছক ঘোরাঘুরি নয়; একটি বিশেষ কার-কাস্ট শোর অংশ হিসেবে তারা এই লং ড্রাইভে অংশ নিয়েছেন। ‘লং ড্রাইভ’ নামের অনুষ্ঠানটি নির্মাণ করছে আইডিয়া স্পেস ক্রিয়েটিভ এজেন্সি।
অনুষ্ঠানটির মূল ভাবনা ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার এবং প্রযোজনায় আছেন ইশতি আহমেদ। জানা গেছে, নাবিলার সঙ্গে মিম ছাড়াও লং ড্রাইভে অংশ নেবেন তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলের মতো তারকারা। গাড়ির ভেতর আড্ডার মধ্য দিয়ে তারকাদের ব্যক্তিজীবন, সাফল্যের পথচলা এবং গাড়িকে ঘিরে নানা স্মৃতির গল্প উঠে আসবে।
নির্মাতা সঞ্জয় সমদ্দার জানান, ‘লং ড্রাইভ’ সাধারণ সেলিব্রিটি টকশোর বাইরে গিয়ে তারকাদের জীবনের ভিন্ন অভিজ্ঞতা তুলে ধরবে। পাশাপাশি কিছু পর্বে সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগও থাকবে। প্রযোজক ইশতি আহমেদ জানিয়েছেন, শিগগিরই অনুষ্ঠানটির পর্বগুলো ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এছাড়া দোয়েল ওটিটিতেও দেখা যাবে অনুষ্ঠানটি।