September 25, 2026, 8:05 pm

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

শর্টফিল্মে বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহের অজুহাতে এক শেয়ার ব্যবসায়ীকে মারধর এবং ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা নেওয়ার অভিযোগে ভারতের চেন্নাইয়ের টেলিভিশন অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ এ তথ্য জানায়। ২৮ বছর বয়সী বর্ষিণী ও তার কয়েকজন বন্ধু ব্যবসায়ী তরুণকে তাদের প্রস্তাবিত শর্টফিল্মে বিনিয়োগের জন্য অর্থ দিতে বলেছিলেন বলে অভিযোগ রয়েছে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ আগস্ট ভোরে ব্যবসায়ী তরুণ তার ছোট ঘরে ফিরলে সেখানে আগে থেকেই বর্ষিণী, তার বন্ধু সঞ্জয়সহ আরও দুজন অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী, তারা তরুণকে মারধর করে ৫০ হাজার রুপি নগদ নিয়ে যান। পরে সঞ্জয়ের কাছ থেকে ফোন পেয়ে তরুণ বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ এবং সঞ্জয়ের হিসাবে ২ লাখ রুপি পাঠান। এরপরও তাকে ভয় দেখিয়ে আরও ২৭ লাখ রুপি দাবি করা হয় বলে অভিযোগ।

ঘটনার পর তরুণ গুইন্ডি থানায় অভিযোগ করলে পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। অভিযোগকারীর ব্যাংক হিসাব যাচাই করে বর্ষিণীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের তথ্য পাওয়ার পর গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা এই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।



ফেসবুক কর্নার