ছোটপর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া জনপ্রিয়তার প্রতিযোগিতায় না গিয়ে নিজের মতো করে অভিনয়ে এগিয়ে যেতে চান। তিনি বলেন, মানুষের গল্প বলতে চান তিনি। কাল্পনিক চরিত্রের পাশাপাশি বাস্তবধর্মী চরিত্রেও কাজ করে বয়স ও সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চান। নানা ধরনের গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরে অভিনয়জগতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার লক্ষ্য তাঁর।
‘লালপরী’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুনভাবে দর্শকদের সামনে এসেছেন স্পর্শিয়া। নির্মাতা জোবায়ের আবীর পিয়ালের এই নাটকটি বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, সমাজের নানা ঘটনা থেকে তৈরি হওয়া গল্প ও চরিত্রের প্রতি তাঁর আলাদা আগ্রহ রয়েছে। এসব চরিত্রকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তোলাকে তিনি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন।
বিজ্ঞাপনের মডেল হিসেবে যাত্রা শুরু করে নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ ও সিনেমায় কাজ করেছেন স্পর্শিয়া। তাঁর অভিনয়জীবনের দেড় দশকের পথচলায় ‘কাঠবিড়ালি’, ‘নবাব এলএলবি’সহ বিভিন্ন চলচ্চিত্র ও অসংখ্য নাটক রয়েছে। অভিনেত্রীর ভাষ্য, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ এবং দেড় দশক ধরে কাজ করে যেতে পারাটাই তাঁর কাছে বড় সাফল্য।