
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম অভিযোগ করেছেন, ১২ বছর আগের একটি ফেসবুক আইডির পোস্টের স্ক্রিনশট নিয়ে ইসলামী ছাত্রশিবির তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন হামিম।
প্রকাশিত স্ক্রিনশটগুলোতে বিএনপি ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন বক্তব্য দেখা যায়। এর আগে একই ফেসবুক আইডির কয়েকটি পুরোনো পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব পোস্টে হামিমকে একসময় ইসলামী ছাত্রশিবিরের পক্ষে লেখালেখি করতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নিজের অবস্থান ব্যাখ্যা করে হামিম বলেন, ওই ফেসবুক আইডিটি ২০১৪ সালের, তখন তিনি অষ্টম শ্রেণিতে পড়তেন। তিনি অভিযোগ করেন, পুরোনো পোস্ট নিয়ে অপপ্রচার চালানোর পাশাপাশি তার ছোট বোনের সঙ্গে দেওয়া ছবিতেও আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। একই স্ট্যাটাসে তিনি সমালোচকদের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করেন।