
‘পঞ্চায়েত’ সিরিজখ্যাত ভারতীয় অভিনেতা আসিফ খান জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ঘরে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। ক্যাপ্টেন্সি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিযোগী গুল্লু অভিযোগ করেন, ইয়াং ডিএসই নিজের দলের সদস্যদের গোঁফের ধরন নিজের পছন্দমতো করে দিচ্ছেন। এর জবাবে রাজস্থানি সংস্কৃতির প্রসঙ্গ টেনে আসিফ বলেন, গোঁফ তাদের পরিচয়ের অংশ এবং যাদের গোঁফ নেই, তাদের তারা পুরুষ হিসেবে গণ্য করেন না।
আসিফের এই মন্তব্যের পর অনুষ্ঠানের অন্য প্রতিযোগীরা প্রতিবাদ জানান। তারা বলেন, সমাজের অনেক পুরুষেরই গোঁফ নেই। এমনকি অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খানেরও সবসময় গোঁফ থাকে না বলে মন্তব্য করেন তারা। আরেক প্রতিযোগী আসিফের বক্তব্যের বিরোধিতা করে বলেন, প্রকৃত পুরুষত্ব উগ্রতা বা হিংসার সঙ্গে সম্পর্কিত নয়; বরং পরিবারকে আগলে রাখার মধ্যেই এর প্রকাশ ঘটে।
এদিকে আসিফ খানের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একটি অংশ মনে করছেন, গোঁফ নিয়ে এমন মন্তব্যের মাধ্যমে আসিফ পরোক্ষভাবে অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানকেও অপমান করেছেন। তবে সালমান খানকে উদ্দেশ্য করে আসিফ সরাসরি কোনো মন্তব্য করেছেন—এমন তথ্য পাওয়া যায়নি। মন্তব্যটি ঘিরে ‘বিগ বস ২০’-এর পরবর্তী পর্বগুলোতেও বিতর্ক অব্যাহত থাকার আভাস মিলেছে।