
জীবনে প্রেম থাকা জরুরি বলে মন্তব্য করেছেন ভারতীয় অভিনেত্রী রাইমা সেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম, জীবনদর্শন ও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি। ছকবাঁধা নিয়মে বিয়ে করতেই হবে—এমন ধারণায় বিশ্বাস করেন না বলেও জানান অভিনেত্রী।
রাইমা সেন বলেন, জীবনের সঙ্গে মানানসই এমন কাউকে এখনো পাননি, যার সঙ্গে পুরো জীবন কাটানোর ইচ্ছা তৈরি হয়েছে। তাঁর ভাষ্য, জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষ চান, যিনি তাঁর মতোই জীবনকে খুব বেশি সিরিয়াসভাবে নেবেন না এবং দুজনের মধ্যে মানসিক মিল থাকবে। স্বাধীনভাবে নিজের জীবনযাপন করতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
প্রেমের বিষয়ে অবশ্য ইতিবাচক রাইমা। তাঁর মতে, জীবনে ভালোবাসা ও আনন্দ থাকা প্রয়োজন। জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রেও তাঁর কোনো তাড়া নেই। বরং তিনি মনে করেন, জীবনের গুরুত্বপূর্ণ অনেক কিছুই অপ্রত্যাশিতভাবে আসে। অভিনয়ের সুযোগ যেমন হঠাৎ এসেছে, তেমনি ভবিষ্যতে বিশেষ কোনো মানুষও অপ্রত্যাশিতভাবে তাঁর জীবনে আসতে পারেন বলে আশা করেন তিনি।