দুর্গাপূজা ঘিরে শৈশব-কৈশোরের নানা স্মৃতি এখনো মনে রেখেছেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি। অভিনেত্রী হওয়ার আগে পূজার দিনগুলো কীভাবে কাটত, সে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, তখন লাইনে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করতেন। পূজার স্মৃতির সঙ্গে তার কাছে বিশেষভাবে জড়িয়ে আছে প্রেম ও সৌন্দর্য প্রতিযোগিতার নানা ঘটনা।
কৌশানি বলেন, পূজার প্যান্ডেলে প্যান্ডেলে সৌন্দর্য প্রতিযোগিতা হতো। সেখানে অনেক তরুণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকতেন তিনি। একবার এমন প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘পুজোর সেরা সুন্দরী’ নির্বাচিত হওয়ার স্মৃতিও রয়েছে তার। পুরস্কার নিয়ে বাড়ি ফেরার পর ভাইবোনেরা বিষয়টি উদ্যাপন করতেন। তারা গর্ব করে বলতেন, তাদের বোন এত সুন্দরী।
কৈশোরের সেই সময়ের পূজোর প্রেমের কথাও স্মরণ করেছেন কৌশানি। তার ভাষ্য, পূজোর কয়েক দিনের প্রেমের বিষয়টি তার কাছে বেশ ভালো লাগত। তবে সেই সম্পর্কগুলো পূজোর কয়েক দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যেত। এদিকে এবারের দুর্গাপূজায় মুক্তি পাবে কৌশানি অভিনীত নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। সপ্তমী পর্যন্ত সিনেমাটির প্রচারে ব্যস্ত থাকবেন তিনি। এরপর প্রেমিক বনি সেনগুপ্তকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখা, রোমান্স ও পার্টিতে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।