September 27, 2026, 11:45 pm

মেধায় উত্তীর্ণদের নিয়োগপত্র দিতে হবে: গাজী আতাউর

আনোয়ার হুসাইন, ভ্রাম্যমাণ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে যারা এখনো নিয়োগপত্র পাননি, তাদের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে মেধায় উত্তীর্ণ কিছু প্রার্থীকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। তার দাবি, কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা বা অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য থাকলে তা বিবেচনার বিষয় হতে পারে; তবে প্রার্থী বা তাঁর পরিবারের সদস্যদের রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে নিয়োগে নেতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
২৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে গাজী আতাউর রহমান আরও বলেন, চাকরিপ্রার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাইয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার চর্চা দীর্ঘদিনের। তাঁর দাবি, অতীতে এ ধরনের যাচাইয়ের মাধ্যমে বিরোধী মতের অনুসারীদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, মেধার ভিত্তিতে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের নিয়োগের ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। একই সঙ্গে নিয়োগ ও যাচাই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিছু প্রার্থী এখনো নিয়োগপত্র না পাওয়ার বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। ২৩ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির প্রশাসনিক অনুমোদন দেয়। গাজী আতাউর রহমান বলেন, যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে কোনো প্রার্থীকে বঞ্চিত করা হলে তার কারণ স্পষ্ট করা এবং মেধার মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন।



ফেসবুক কর্নার