September 27, 2026, 10:57 pm

জানুয়ারিতে সংসদে উঠছে সংবিধান সংশোধন বিল

মোঃ ইসমাইল হোসেন

আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের প্রস্তাবনাসহ বিভিন্ন বিধানে পরিবর্তন আসতে পারে। যেসব সংশোধনের ক্ষেত্রে সাংবিধানিকভাবে গণভোটের প্রয়োজন হবে, সেগুলো সংশোধনী বিল পাসের পর রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোটে যাবে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং ঐকমত্যের ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১৩ জুলাই জাতীয় সংসদে সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধী দলের প্রতিনিধিদের যুক্ত করে কমিটি ১৭ সদস্যে উন্নীত করার সুযোগ রাখা হলেও তারা নাম দেয়নি এবং কমিটি গঠনের বিরোধিতা করে সংসদ থেকে ওয়াকআউট করেছিল।



ফেসবুক কর্নার