September 28, 2026, 11:20 pm

জামায়াতের উত্থান ধর্মযুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে: নুরুল হক নূর

অভয়নগর প্রতিবেদক

 

জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ডিসেম্বরে সরকার পতনের কথা যারা বলছে, তাদের বক্তব্যের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

নুরুল হক নূর বলেন, অতীতে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে রাজপথে ছিল। বর্তমানে দলটির ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সচেতন তরুণ ও প্রগতিশীল জনগোষ্ঠীকে বিষয়টি বিবেচনায় রাখতে হবে। তার ভাষ্য, জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে এবং বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মুখে ফেলতে পারে। এ কারণে জামায়াত-শিবিরের যেকোনো ধরনের ‘আস্ফালনের’ বিরুদ্ধে জনগণকে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানান তিনি।

সরকারবিরোধী আন্দোলন ও লংমার্চ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো সাড়ে ছয় মাসের মতো সময় পার হয়েছে। এ সময়ে সরকারবিরোধী কর্মসূচির সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্টরা রাজনীতিতে ফিরে আসতে পারে। তাই রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় নেওয়া প্রয়োজন। মিরপুরের ক্লিনিক দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের প্রতি মানুষের সংহতি ও সমবেদনার বিষয়েও কথা বলেন নূর।



ফেসবুক কর্নার