
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল জানিয়েছে, সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।
বৈঠকে দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় একই স্থানে সংবাদ সম্মেলন করবে এনসিপি। সেখানে দলের পক্ষ থেকে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বিষয়ে অবস্থান তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া জানানো হবে। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি। সকাল থেকে অনুষ্ঠিতব্য বৈঠক ও বিকেলের সংবাদ সম্মেলন ঘিরে এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।