
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের বিদায়ী ম্যাচে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েও ক্লাব রোমার সিদ্ধান্তে আর্জেন্টিনায় যেতে অনিশ্চয়তায় পড়েছেন পাওলো দিবালা। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে মেসির শেষ ম্যাচে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ট জানিয়েছে, দিবালাকে এই ম্যাচে যেতে অনুমতি দিতে অনিচ্ছুক রোমার কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি।
গাসপেরিনির আপত্তির কারণ হিসেবে দীর্ঘ ভ্রমণ ও অনুশীলন মিসের বিষয়টি সামনে এসেছে। আর্জেন্টিনা যেতে দিবালা ও নাহুয়েল মোলিনাকে ১৪ ঘণ্টার দুটি আন্তঃমহাদেশীয় ফ্লাইটে ভ্রমণ করতে হবে এবং রোমার তিনটি অনুশীলন সেশন মিস করার সম্ভাবনা রয়েছে। দলের শীর্ষস্থান ধরে রাখা ও খেলোয়াড়দের ফিটনেসকে অগ্রাধিকার দিয়ে কোচ তাদের সফরের অনুমতি দেননি বলে জানা গেছে। আর্জেন্টিনার হয়ে ৪০ ম্যাচ খেলা এবং মেসির সঙ্গে ১৮ ম্যাচে মাঠ ভাগ করা দিবালার জন্য মেসির বিদায়ী আয়োজন মিস করা কষ্টকর হলেও ক্লাবের সিদ্ধান্ত উপেক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
আন্তর্জাতিক বিরতির পর ১১ অক্টোবর সিরি আ-তে কোমোর বিপক্ষে এবং কয়েক দিন পর চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে রোমার। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া ৩২ বছর বয়সী দিবালা চলতি মৌসুমে রোমার হয়ে পাঁচ ম্যাচে চারটি অ্যাসিস্ট করেছেন। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে রোমা। সতীর্থ মাতিয়াস সুলে জাতীয় দলে গেলেও দিবালার আর্জেন্টিনা সফরের বিষয়ে মঙ্গলবার অনুশীলনে তার সঙ্গে সরাসরি কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গাসপেরিনি।