September 28, 2026, 10:33 pm

চকরিয়ায় অপহরণের পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

আরিফ, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। পরিবারের দাবি, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকা থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাকে তুলে নিয়ে যায়। প্রায় চার ঘণ্টা পর রাত ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জিসান কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার বাসিন্দা এবং কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীদের অভিযোগ, অপহরণের পর তাকে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কবির টাওয়ারে নিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে জিসানকে কবির টাওয়ারে আটকে রাখা হয়েছিল—এমন সন্দেহে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মীরা ভবনটি ঘেরাও করেন বলে জানা গেছে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার ও স্থানীয়রা।



ফেসবুক কর্নার