
রাজশাহীর তানোরে কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বৈদ্যপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দলীয় এক নেতার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না দেওয়ায় তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কলমা ইউনিয়নের চৌরখৈর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগকারী আতাউর রহমান কলমা ইউপি বিএনপির ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সম্পাদক। তিনি রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তানোর থানায় মোস্তাফিজুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে আতাউর রহমান দাবি করেন, প্রায় দেড় মাস আগে মোস্তাফিজুর রহমান তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর চৌরখৈর গ্রামের কড়াইতলা মোড়ে একটি সালিশ বৈঠক হয়। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে প্রধান সড়কে ওঠার সময় কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। আতাউর রহমানের দাবি, এ ঘটনার পর তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে মোস্তাফিজুর রহমান বলেন, ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় একটি গোষ্ঠী তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা যাচাই করা হবে; অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ ও পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।