
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিকের সঠিক তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং অপতথ্য প্রতিরোধের বিষয়ে সচেতনতার বার্তা দেন। আয়োজকরা বলেন, নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুল, বিভ্রান্তিকর ও গুজবনির্ভর তথ্য প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি।
তারা আরও বলেন, সঠিক তথ্য যাচাই করে গ্রহণ এবং তা দায়িত্বশীলভাবে প্রচারের বিষয়ে জনগণকে আরও সচেতন করতে হবে। তথ্যের অবাধ ও সঠিক প্রবাহ নিশ্চিত হলে নাগরিকদের সচেতনতা বাড়ার পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালির মাধ্যমে তথ্য অধিকার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।