September 29, 2026, 12:02 am

আশাশুনিতে পাউবোর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

হাফিজুর রহমান শ্যামনগর সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে ভাঙনের সূত্রপাত হয়। সকাল ৭টার দিকে ভাঙন তীব্র আকার ধারণ করে এবং প্রায় ৫০ মিটার বাঁধ নদী-খালের দিকে ধসে পড়ে। একই সঙ্গে সংলগ্ন ওয়াবদা সড়কের একটি অংশও ধসে গেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধ করা না গেলে প্রতাপনগরসহ আশপাশের ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হতে পারে।
ভাঙনস্থলের সামনে খাল থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, পাউবোর লোকজন পৌঁছানোর আগেই তারা স্বতঃস্ফূর্তভাবে বালি ও মাটি ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা শুরু করেন। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, বাঁধ ভেঙে পানি ঢুকলে বসতবাড়ি, ফসলি জমি ও মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হবে। নূরে আলম সিদ্দিকী দ্রুত বালুভর্তি জিওব্যাগ, মাটি ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে ভাঙনস্থল রক্ষার দাবি জানান। একই সঙ্গে ওয়াবদা সড়কের অংশ ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও ঝুঁকির মধ্যে রয়েছে।
ভাঙনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় চেয়ারম্যানকে প্রাথমিকভাবে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু জানান, পানি উন্নয়ন বোর্ডকেও বিষয়টি জানানো হয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত কাজ শুরু করা হবে। স্থানীয়দের দাবি, তাৎক্ষণিক ভাঙন রোধের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁধের স্থায়ী সংস্কার ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করা হোক।



ফেসবুক কর্নার