September 28, 2026, 11:20 pm

পটুয়াখালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু

রায়হান মাহমুদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে রাইসা মনি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চরহেয়ারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অস্থায়ী বসতঘরের পাশে খেলাধুলার সময় রাইসা একটি গর্তে হাত দেয়। এ সময় গর্তের ভেতরে থাকা কোনো প্রাণী তার হাতে কামড় দেয় বলে ধারণা করা হচ্ছে। পরে শিশুটি কান্না করতে করতে মায়ের কাছে গেলে তার হাতে কামড়ের স্থান দেখতে পান পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা জানান, শিশুটির হাতে কামড়ের স্থান সাবান দিয়ে পরিষ্কার করার পর বিষয়টি সন্দেহজনক মনে হলে দ্রুত চিকিৎসার জন্য রাঙ্গাবালী উপজেলা সদরের উদ্দেশে রওনা হন তারা। তবে চিকিৎসার জন্য নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। নিহত রাইসা মনি রাকিব মল্লিকের মেয়ে। তাদের মূল বাড়ি উপজেলার সেনের হাওলা গ্রামে। রাকিব মল্লিক মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে চরহেয়ারে পরিবারের অস্থায়ী বসতিতে বসবাস করছেন তারা।
স্থানীয়দের ধারণা, শিশুটিকে সাপ বা কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিয়ে থাকতে পারে। তবে ঠিক কোন প্রাণীর কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করা প্রয়োজন বলে স্থানীয়রা জানিয়েছেন।



ফেসবুক কর্নার