September 29, 2026, 12:50 am

২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

অভয়নগর প্রতিবেদক

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ সুযোগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির সিলিন্ডার। ফলে খুচরা বাজারে দাম দুই হাজার টাকা ছাড়িয়েছে।
বিইআরসি নির্ধারিত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে ভোক্তাদের তা কিনতে হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায়। বিইআরসি ও আমদানিকারক সূত্র জানায়, গত আগস্টে দেশে প্রায় ১ লাখ ৬০ হাজার টন এলপিজি আমদানি হলেও সেপ্টেম্বরে তা কমে প্রায় ১ লাখ ২০ হাজার টনে দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় লোহিত সাগর ও হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ নৌপথে পরিবহন জটিলতা ও ব্যয় বেড়েছে। বাংলাদেশের এলপিজির প্রধান উৎস মধ্যপ্রাচ্য হওয়ায় এর প্রভাব পড়েছে দেশের বাজারে। আমদানিকারকদের দাবি, কার্গো প্রিমিয়াম ও পরিবহন ব্যয় বৃদ্ধির সঙ্গে নির্ধারিত মূল্য সমন্বয় না হওয়ায় কিছু প্রতিষ্ঠান আমদানি সীমিত রেখেছে।
এদিকে, দেশে বছরে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে, যার প্রায় ৮০ শতাংশ গৃহস্থালির রান্নার কাজে ব্যবহৃত হয়। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, কিছু প্রতিষ্ঠানের নির্ধারিত জাহাজ সময়মতো না পৌঁছানোয় সেপ্টেম্বরে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। সংকট নিরসনে দ্রুত আমদানিকারকদের সঙ্গে বৈঠক করা হবে। তবে বৈশ্বিক নৌপথের জটিলতা ও কার্গো সরবরাহ স্বাভাবিক না হলে অক্টোবরেও এলপিজি সংকট অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন তিনি।



ফেসবুক কর্নার