September 28, 2026, 11:20 pm

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন

অভয়নগর প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন এখনো বাকি আছেন। তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে। যারা এ সময়ের মধ্যে নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও কাজ করা হবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ শুরু করা হয়েছিল।
শিক্ষামন্ত্রী আরও জানান, নিয়োগপত্র দেওয়ার আগে ভেরিফিকেশনসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অনেক প্রার্থীর ঠিকানা পরিবর্তনের বিষয়ও যাচাই করা হচ্ছে। যেসব প্রার্থীর প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি, সেগুলো পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হচ্ছে। এই কার্যক্রম ১ অক্টোবর পর্যন্ত চলবে।



ফেসবুক কর্নার