September 28, 2026, 11:20 pm

মিরপুরের রাড্ডা ক্লিনিকে সংস্কার শুরু, খোলা আকাশের নিচে স্বাস্থ্যসেবা

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সংস্কারকাজ শুরু হয়েছে। একই সঙ্গে দখলদারদের লাগানো সাইনবোর্ড সরিয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড টাঙানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্যেই খোলা আকাশের নিচে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখা হয়।
ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কারকাজ চলছে। দ্রুততার সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসেবা পরিচালনার উপযোগী করে স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হবে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, হামলার পেছনে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙানো হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।



ফেসবুক কর্নার