September 29, 2026, 12:02 am

সরকার বেহেশতের গ্যারান্টি দেবে না, উন্নয়নের গ্যারান্টি দেবে: শাহে আলম

অভয়নগর প্রতিবেদক

বর্তমান সরকার বেহেশতের গ্যারান্টি দেবে না, তবে উন্নয়নের গ্যারান্টি দেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সাত মাস হয়েছে এবং বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাগুলো সমাধানের দিকে যাচ্ছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ত্রিমোহনী খাল ব্রিজে খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জিরানী খাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা নিয়ে বড় চিন্তা রয়েছে। একদিনে দেশকে সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া বানিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি সরকার দিতে চায় না; বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চায়। তিনি জানান, ডিএসসিসির ২৬টি এবং ডিএনসিসির ২৯টি খালের দুই পাশে প্রয়োজন অনুযায়ী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এতে খালের পরিবেশ ও সৌন্দর্য বাড়ার পাশাপাশি অবৈধ দখল ঠেকানো এবং নগরবাসীর হাঁটা ও বিনোদনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পয়োবর্জ্য সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে শোধন করে নদীতে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
জিরানী খালসহ চারটি খাল পুনরুদ্ধার প্রকল্পে ৮৯৮ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়নাধীন প্রকল্পটির ৭০ শতাংশ অর্থ দিচ্ছে সরকার এবং ৩০ শতাংশ ডিএসসিসি। ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ২১ দশমিক ৮৪ শতাংশ। প্রকল্পের আওতায় চারটি খালের প্রায় ২০ দশমিক ৫৯ কিলোমিটার পুনঃখনন, স্লাজ অপসারণ, সীমানা নির্ধারণ, স্লোপ প্রটেকশন, রিটেইনিং ওয়াল, সুরক্ষা বেষ্টনী ও ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি আটটি ইটিপি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদেরও পরিকল্পনা রয়েছে।



ফেসবুক কর্নার