
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। স্থানীয়দের সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সীমানা পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নার্সারিপাড়া ক্যাম্পের সদস্যরা ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা জামালপুর বিওপিতে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে অবস্থান নিয়ে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বিজিবির প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটেন। একপর্যায়ে তারা ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদার অবস্থানে রয়েছে।